রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক কুমিল্লার জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ শোনেন। পরবর্তীতে তিনি পূজা পূর্ববর্তী ও পূজা চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।”**
সভায় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জগণ এবং কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।