মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্রী অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার শালবন গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা এবং অপু ধরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে অর্পনা ধর একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাকালে হঠাৎ তার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় শক্তভাবে ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীদের অসাবধানতাবশত পোশাক চাকায় পেঁচিয়ে দুর্ঘটনার ঘটনা মাঝেমধ্যে ঘটলেও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।