ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এডুকেশনাল এক্সিলেন্ট (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্বও করেন তিনি। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতেই এর আয়োজন করা হয়।
এতে উপজেলার ১টি কলেজ, ২টি মাদরাসা ও ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
উদ্বোধনের একপর্যায়ে বিজ্ঞান প্রকল্পের স্টল পরিদর্শনের সময় ইউএনও প্রশান্ত চক্রবর্তী এবং জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের কাছে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরে।
ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, “শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রদর্শন করেছে। এটি মূলত তাদের মেধা ও মনন এবং তারা যে বিজ্ঞান মনস্ক এবং সচেতন তারই একটি বহিঃপ্রকাশ। শুধু তাই নয় বিজ্ঞানভিত্তিক বিষয়গুলি নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে চমৎকার ভাবে বর্ণনাও করেছে।”
ইউএনও আরও জানান, “শিক্ষার্থীরা চিন্তা করছে ভবিষ্যৎকে নিয়ে। যেমন পারমাণবিক যুদ্ধ বাঁধলে পৃথিবীর অবস্থা কেমন হবে। এর তেজস্ক্রিয়তা কিভাবে নিষ্ক্রিয় করা যাবে। পানির অপচয় রোধ, ভূমিকম্পের আগাম সতর্কতা এবং করণীয়সহ রেইন ওয়াটার কিভাবে হার্ভেস্ট করা যাবে ইত্যাদি। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা যেমন এগিয়ে যাচ্ছে তাদের সাথে আমাদের দেশও এগিয়ে যাবে।”
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।