মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক বৃদ্ধা নারীকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় স্থাপিত স্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত নারী হলেন মাহমুদা খাতুন (৬০), স্বামী মৃত নুরুল হক।
তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ পাড়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, চেকপোস্টে কর্তব্যরত হাবিলদার জহিরের নেতৃত্বে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় মাহমুদা খাতুনের হেফাজতে থাকা দুইটি কার্টনের ভেতর থেকে আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন,“সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ সন্ত্রাসী দমন ও অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও জানান, আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।