নেত্রকোণার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’ এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’ বাস্তবায়নে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে শুরুতেই ছাপরা ঘর, গৃহহীন ও দরিদ্র পরিবারের বাড়িতে যেতে হবে। স্বচ্ছল বা ভবনবাসীদের নাম অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা যাবে না।
তিনি বলেন, অতীতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন। এবার এমন কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেপুটি স্পিকার আরও বলেন, সরকার তথ্য সংগ্রহকারীদের সম্মানী দিচ্ছে। এর বাইরে দুর্নীতি বা স্বজনপ্রীতিতে জড়িত হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে কারাদণ্ড ভোগ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।