মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হৃদয় আহমেদ রিশাদ (২০) ও মো. সিফাত আহমেদ (২২)। হৃদয় বাসন থানার ইটাহাটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে এবং সিফাত একই এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বাসন থানা এলাকার একটি স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।