তারাকান্দা (ময়মনসিংহ )উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধারসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের তিলাটিয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবুল কালাম (৪৩), আমিনুল ইসলাম সরকার (২৮) এবং এমদাদুল হক খোকন (৩৫)। তারা সবাই তারাকান্দা উপজেলার তিলাটিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশের একটি দল তিলাটিয়া মধ্যপাড়ায় আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে আবুল কালামের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত ব্যাগে রাখা ১০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮৩৫ টাকাও জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করে পুলিশ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম স্বীকার করেন যে, আমিনুল ইসলাম সরকার ও এমদাদুল হক খোকনের সহযোগিতায় তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদকগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আবুল কালামের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তারাকান্দা থানার পুলিশ উপ-পরিদর্শক তাহের উদ্দিন খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।