পটুয়াখালীর গলাচিপায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (২৪ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলি-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।
বিশেষ অতিথি ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরগুনার আমতলী উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ মনুজরুল হক কাউসার। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেন এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জামান প্রমুখ।
সেমিনারে উপজেলার বিভিন্ন প্রান্তিক ও ক্ষুদ্র পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন করেই আমাদের দায়িত্ব শেষ নয়। সবাইকে সকল কর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।