নাটোরের গুরুদাসপুরে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম মিলন জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় ৫৪০ মেট্রিক টন ধান ও ২ হাজার ৬০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে এসব খাদ্যশস্য কেনা হবে। ২০ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ–এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, বিএনপি নেতা ওমর আলী শেখ ও মনিরুজ্জামান হেনা এবং ওসি এলএসডি আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।