নাটোরের গুরুদাসপুরে মাদরাসায় থাকা ১৬ বছর বয়সী এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াপদা এলাকার রাবেয়া বসরী মহিলা মাদরাসায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত ছাত্রীর নাম খাদিজা খাতুন (১৬)। সে পাশের সিংড়া উপজেলার শালিখা গ্রামের খলিলের মেয়ে। খাদিজা রাবেয়া বসরী মহিলা মাদরাসায় থেকে পড়াশোনা করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কখন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বা পরিবারের পক্ষ থেকে হত্যার কোনো অভিযোগ করা হয়নি।
এদিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার সুপার মো. সোলাইমান ও তাঁর স্ত্রীকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে বলে জানা গেছে। নিহত খাদিজা ও মাদরাসার সুপার সোলাইমান একই গ্রামের বাসিন্দা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।