সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) থেকে শুরু হয়ে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।
তবে এ সময় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়বে না। ঈদ উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা জানান, সরকারি ছুটির কারণে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে। ছুটি শেষে বন্দর চালু হলে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে।