মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতি নিয়ে সমবেত হওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) পূবাইল থানাধীন হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার লাল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মোঃ আতিকুল ইসলাম রাকিব (১৯), মোঃ শুভ রাহাত (২০) ও মোঃ ফয়সাল আহম্মেদ (১৯)। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পূবাইল থানার এসআই মোঃ রুহুল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় লাল ব্রিজের ওপর থেকে তিনজনকে আটক করা হয়। পরে আতিকুল ইসলাম রাকিবের কাছ থেকে একটি সুইচ গিয়ার এবং শুভ রাহাতের কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ডাকাতি ও অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”