জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। তিনি অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই তার বাবাকে হেনস্তা করা হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) বাবাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে এসে সাব্বির জামান বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় সরকার তাদের পরিবারকে হেনস্তা করার চেষ্টা করছে। গত ১৭ বছরেও একই ধরনের পরিস্থিতি দেখেছেন বলে দাবি করেন তিনি।
সাব্বির জামান বলেন, তার বাবার ফেসবুকে দেওয়া বক্তব্য ও সাম্প্রতিক লাইভ ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে তিনি কোনো অন্যায় করেছেন কি না। বিষয়টি জনগণের বিবেচনার ওপর ছেড়ে দেন তিনি।
এর আগে গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক লাইভে আখতারুজ্জামান জানান, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। জনগণের অধিকার ও প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
গত শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জমজমের পানি সরবরাহে বিলম্ব ও লাগেজ-ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।