বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং একজন নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হলো।
সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অন্যান্য অভিযোগে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।