সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আয্হাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২১ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আয্হা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এ সময় বন্দরের ভেতরে অবস্থিত পানামা পোর্টের বেসরকারি ওয়্যারহাউসে পণ্য ওঠানামার কাজও বন্ধ থাকবে। নির্ধারিত ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, বন্দর এলাকায় পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়বে না। সপ্তাহজুড়েই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে এবং পাসপোর্টধারীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।
অন্যদিকে, হিলি স্থল কাস্টমস স্টেশনের উপ-কমিশনার সন্তোষ সরেন জানান, সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে প্রয়োজনীয় শুল্ক ও কর পরিশোধের মাধ্যমে পণ্য খালাস নিতে পারবেন।