সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলিতে বাণিজ্যিক প্রতিযোগিতায় বৈষম্য তৈরি হওয়ায় রপ্তানির পরিমাণ কমে গেছে এমন অভিযোগ তুলে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল বলেন, ভারতীয় হিলির এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাছ থেকে তারা এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তার ভাষ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলিতে বৈষম্য তৈরি হওয়ায় রপ্তানির পরিমাণ কমে গেছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন।
এদিকে হঠাৎ করে ভারতীয় ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে বাংলাদেশি আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক রেজা আহমেদ বিপুল বলেন, হঠাৎ করে রোববার থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি তারা জানতে পেরেছেন। এতে বাংলাদেশি আমদানিকারকদের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তিনি বলেন, ওপারে অনেক পচনশীল পণ্যবোঝাই ট্রাক রয়েছে। এসব ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করতে না পারলে আমদানিকারকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে যুক্ত শত শত শ্রমিকও আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
রেজা আহমেদ বিপুল আরও বলেন, বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি হলে এর প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে।