জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আজকের দিনটি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, গত দেড় বছর ধরে দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ছিল। আজ সেই প্রত্যাশা পূরণের দিন। সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটগ্রহণের অনুকূল পরিস্থিতি রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সকালে বিভিন্ন সূত্রে সারা দেশের পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে।
এছাড়া গণমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে তারা ভোটারদের আশ্বস্ত করছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।