ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, সারা দেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
আইজিপি বলেন, আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টিম ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩১৭টি সহিংস ঘটনায় ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।