মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ (সদর-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামরুজ্জামান রতন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারি ‘গানম্যান’ বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। জীবননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার তিনি জেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। তিনি জানান, প্রার্থীর নিরাপত্তা সংক্রান্ত আবেদন গ্রহণ করা হলেও গানম্যান বরাদ্দ দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসনের নেই।
বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ জানতে চাইলে কামরুজ্জামান রতন বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি নিজেকে অনিরাপদ মনে করছেন। সে কারণেই আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এবং বিষয়টি বিবেচনায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে চলমান আলোচনার মধ্যে এই আবেদন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।