বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু-র বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন বাংলাদেশ ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এ আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু হলফনামায় দাবি করেছেন যে, তিনি ২০২৫ সালের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। তবে অভিযোগ রয়েছে, ওই তারিখের পরও তিনি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে ১৫ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করেছেন। এ কারণে তাঁর নাগরিকত্ব পরিত্যাগের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম দ্বৈত নাগরিকত্ব বিষয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, মিন্টু হলফনামায় নাগরিকত্ব ত্যাগের তথ্য উল্লেখ করেছেন এবং মার্কিন দূতাবাসে আবেদন করার প্রমাণ দাখিল করেছেন। সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তা বিবেচনায় নিয়েই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।