ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির লোকজন চাঁদা চাইতে নয়, বরং দখলকৃত একটি বাড়ি উদ্ধার করতে গিয়েছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জুমা লেখেন, সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়া হয়নি। তার দাবি, বাড়ির মালিকের সঙ্গে বিরোধের জেরেই বিএনপির লোকজন সেখানে গিয়েছিলেন। তিনি আরও লেখেন, “দয়া করে আপনারা বিএনপিকে ভুল বুঝবেন না।”
এর আগে ফেসবুক লাইভে এসে সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপির পরিচয়ধারী কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্টুডিও সংশ্লিষ্টদের দাবি, একদল লোক সেখানে ঢুকে ভাঙচুর চালায়। হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় মোবাইল ফোন, মানিব্যাগ ও বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।
তবে ঘটনার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।