জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি–এর কবর জিয়ারত করতে আজ শনিবার সকাল ১১টায় শাহবাগে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড় এলাকায় অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে উপস্থিত থাকতে দেখা যায়।
দলীয় সূত্র জানায়, আজ সকাল ১১টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ এলাকায় অবস্থিত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।
এ উপলক্ষে শাহবাগ ও আশপাশের এলাকায় পুলিশ, এপিবিএন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ। শনিবার সকালেও তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।