মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে বান্দরবান ৩০০ আসনে দলের জেলা আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী) মনোনয়ন পেয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এতে বান্দরবান আসনে মংসা প্রু (চৌধুরী) এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মনোনয়ন ঘোষণার পরই বান্দরবানে ফিরে জেলা এনসিপির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর মনোনয়ন প্রাপ্তির আনন্দে রিকশায় চড়ে শহরে শোভাযাত্রা বের করেন মংসা প্রু। শোভাযাত্রার পেছনে মোটরসাইকেল নিয়ে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। পথে পথে ফুল দিয়ে তাকে বরণ করে নেন সাধারণ মানুষ।
নিজ অনুভূতি ব্যক্ত করে মংসা প্রু (চৌধুরী) বলেন,
বান্দরবানের মানুষের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করে প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমি নির্বাচন করছি। জনগণের বিশ্বাস অর্জন করাই আমার প্রথম কাজ। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আন্তরিকতা ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব।
তিনি আরও বলেন,এনসিপি সবসময় জনগণের অধিকার এবং নাগরিক স্বার্থ রক্ষার রাজনীতি করে। বান্দরবানের প্রতিটি উপজেলায় সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামছি।