মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি।
টানা ভারী বর্ষণ ও বন্যার পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ বান্দরবান-রাঙামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, উজান থেকে নেমে আসা প্রবল স্রোতের চাপ সহ্য করতে না পেরে সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। ফলে মুহূর্তেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং উভয় প্রান্তে যানবাহন আটকা পড়ে।
সেতু ধসের কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।