মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক মো. রফিকুল ইসলাম রুবেল (৩৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার রফিকুল ইসলাম রুবেলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রফিকুল ইসলাম রুবেলের বাড়ি মাদারীপুর জেলায়। প্রায় ১০ বছর ধরে তিনি বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইংরেজি পড়াতেন। শিক্ষকতার কারণে পরিবার নিয়ে পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তাঁর ১২ বছর বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
রুবেলের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, রুবেল স্যার খুব ভালো ইংরেজি পড়াতেন। তিনি ভালো মানুষ ছিলেন এবং সব শিক্ষার্থীর প্রিয় ছিলেন। তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।
বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দে বলেন, রফিকুল ইসলাম রুবেল সদা হাস্যোজ্জ্বল, সদালাপী ও ভালো মনের মানুষ ছিলেন। তিনি বিদ্যালয়ের একজন ভালো শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে।
নিহতের বোনজামাই আল আমিন জানান, গত বুধবার ডেঙ্গু আক্রান্ত অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর বিনোদপুর গাউসুল আযম জামে মসজিদে রফিকুল ইসলাম রুবেলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মসজিদের পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রিয় শিক্ষককে হারিয়ে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।