বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদনসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস পেরিয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। গত ১৮০ দিনে নেওয়া ও বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি জনগণের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষিত রূপরেখা অনুযায়ী প্রথম ১৮০ দিনে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার একাধিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়েছে। এসব সংকট সরকার দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানান তিনি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রায় এক মাস দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় সহনীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে নিরবচ্ছিন্ন প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এ লক্ষ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিদ্যমান ভাসমান টার্মিনালগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন কমাতে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে জরিপ চলছে।
আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ এবং অফশোর-অনশোর এলাকায় নতুন করে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার আশা, আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাসসম্পদের মাধ্যমে সংকটের টেকসই সমাধান করা সম্ভব হবে।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে মাসিক সম্মানী দেওয়ার পাশাপাশি ক্রীড়াবিদ ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
খাদ্যনিরাপত্তার বিষয়েও সরকারের অগ্রগতির কথা জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের পর্যাপ্ত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।
সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অর্জন ও অগ্রগতির সমন্বিত প্রতিবেদন শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।