গণতান্ত্রিক আন্দোলনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিকে ‘হটকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে নিজেদের বক্তব্য তুলে ধরবে—এটাই স্বাভাবিক। তবে দেশে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন।
এ অবস্থায় গণমাধ্যম ও সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের যথাযথ স্বীকৃতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সাংবাদিকদের চাওয়া খুব বেশি কিছু নয়। তারা শুধু স্বাধীন, নিরাপদ ও পেশাবান্ধব পরিবেশে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।