মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কাওছার।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় মোঃ কাওছার দৈনিক সকালের বান্দরবান প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নেন এবং বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের ভিডিও ধারণে ও বাধা দেন। পরে কিছুক্ষণ পর কেড়ে নেওয়া মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।
রাত প্রায় ৮.৩০ মিনিটের দিকে আরাফাত নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ট্রাফিক মোড়ে এক ট্রাফিক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও ধারণের সময়ই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।
সচেতন মহল বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন কর্মকাণ্ড শুধু গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, মূল ঘটনাটি প্রকাশের ক্ষেত্রেও বড় বাধা সৃষ্টি করে।