একপক্ষ নিজেদের অপকর্ম ঢাকতে এখন দায় চাপানোর রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শিবিরের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ চালুর দাবি করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু কিছু গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপাচ্ছে শিবিরের মতো সুষ্ঠু ছাত্র সংগঠনের ওপর।
বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মেহেরপুর শহরের গরুর হাট সংলগ্ন দাওয়াতুল ইসলাম ট্রাস্ট মসজিদে আয়োজিত উপশাখা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম আরও বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রশিবিরের নানা সভা-সমাবেশে হামলা চালানো হচ্ছে। এমনকি নারী সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে রয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জোটবদ্ধ তৎপরতা।
তিনি বলেন, “একটি মহল দেশে স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে চায়। তারা ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে।” এ সময় তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং সচেতন নাগরিক সমাজকে এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, দিকনির্দেশনা ও সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।