ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি নির্বাচনের আগে দেশের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বরং খুনের প্রবণতা আগের মতোই রয়েছে, চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, বিভিন্ন দপ্তরে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে যোগ্যতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এসব অনিয়ম আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকটের প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, এ ক্ষেত্রেও সরকারের সদিচ্ছার ঘাটতি দেখা যাচ্ছে। বিরোধী দল সংকট সমাধানে পরামর্শ দিলেও তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকার যদি এভাবে চলতে থাকে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে এর পরিণতিতে সরকারের পতনও হতে পারে। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।