সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, জনগণ আন্দোলনের মাধ্যমে যেমন কাউকে ক্ষমতায় বসাতে পারে, তেমনি ক্ষমতা থেকে নামাতেও পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে সরকারকে এর জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের আলোকে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে সরকার কালক্ষেপণ করছে বলে তারা মনে করেন। জনগণের দাবি উপেক্ষিত হলে ক্ষোভ বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়েও সরকারের সমালোচনা করেন শিবির সভাপতি। একই সঙ্গে কুমিল্লায় নিহত অপ্রতিমের ঘটনার প্রসঙ্গ তুলে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান তিনি।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের আত্মগঠন ও মেধার বিকাশের পাশাপাশি ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান নুরুল ইসলাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সম্মাননা ও উপহার দেওয়া হয়।