মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে উপজেলা যুবদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে উপজেলা পরিষদের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলে।
আয়োজকরা জানান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানার সাধারণ সম্পাদক পদ স্থগিত করার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা এ সময় অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেন টংগিবাড়ী উপজেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খান বাবু, সোনারং ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজুল মল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
মানববন্ধনে প্রায় ১৫০ থেকে ২০০ জন স্থানীয় যুবদল নেতা-কর্মী অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও এতে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অবিচারমূলক সিদ্ধান্ত দলকে দুর্বল করে।”
পরে বিকেল ৫টা ৩০ মিনিটে মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।