গঠনের একদিনের মধ্যেই ডাক বিভাগের ক্রস বর্ডার ই-কমার্সবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কমিটিতে বেসরকারি খাতের কয়েকজন উদ্যোক্তার অন্তর্ভুক্তি এবং সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাক অধিদপ্তরের আন্তর্জাতিক ডাক সার্ভিস (আইপিএস) শাখা গত ২৩ জুন ১১ সদস্যের এ কমিটি গঠন করে। পরদিন ২৪ জুন জারি করা আরেক অফিস আদেশে ‘কর্তৃপক্ষের নির্দেশনায় অনিবার্য কারণবশত’ কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ডাক বিভাগের পরিচালক (আইপিএস) মোহাম্মদ ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে কিছু অংশীজনের মতামত নেওয়ার উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছিল। পরে দেখা যায়, এ খাতে কাজ করা আরও অনেক প্রতিষ্ঠান ও উদ্যোক্তার মতামত নেওয়া প্রয়োজন। তাই সবাইকে সমান সুযোগ দিতে এবং বিস্তৃত পরিসরে আলোচনা নিশ্চিত করতে কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে তাদের লিখিত প্রস্তাব ও মতামত পর্যালোচনার পর নতুন কাঠামোয় কমিটি গঠন করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রস বর্ডার ই-কমার্স বাংলাদেশের জন্য সম্ভাবনাময় খাত হলেও অংশীজন নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এ ধরনের উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
স্থগিত হওয়া কমিটির নেতৃত্বে ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মো. জাকির হাসান নূর। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এতে বেসরকারি খাতের কয়েকজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিও অন্তর্ভুক্ত ছিলেন।