নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় চাষ করা গাঁজার গাছ সহ শুক্কুর আলী (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । এ সময় তার বাড়ির আঙ্গিনা থেকে ৯টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার গোপালাশ্রম গ্রাম থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত শুক্কুর আলী কেন্দুয়া উপজেলার গোপালাশ্রম গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে।
বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার গোপালাশ্রম গ্রামের শুক্কুর আলী বাড়ীর পাশে গাঁজার চাষ করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ বিষয়টি জানতে পেরে বুধবার রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে।
এ সময় বাড়ির পূর্ব পাশের আঙ্গিনা থেকে প্রায় ৭ফুট উচ্চতার ৯টি গাঁজার গাছ, ৪০ গ্রাম গাঁজা এবং নগদ ২১হাজার ১শত ৫০টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের বিষয়টি শুক্কুর আলী স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ দুপুরের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।