সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মধ্যপাড়া ভাদুরী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের মেয়ে দুলালী খাতুন (২৪), সুরভী (১৩) এবং তার পুত্রবধূ সুমাইয়া আক্তার ওরফে আকলিমা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলালী ও সুরভী তাদের মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতেই আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।
পারিবারিক সদস্যদের ভাষ্য, দুপুরের দিকে সুমাইয়া আক্তার তার দুই ননদকে নিয়ে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে, যা স্থানীয়ভাবে ‘কান নদী’ নামে পরিচিত, গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় তহিদুল ইসলাম নদীর পাড়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে তিনি তিনজনের ওড়না নদীর তীরে পড়ে থাকতে দেখেন, তবে তাদের কোনো সন্ধান পাননি।
পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।