মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি, মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এর আগে ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্দেশনায় বলা হয়, বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি বিবেচনায় উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে তার অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রযুক্তির অপব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে অনেক অভিভাবক ও সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন।