বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বড়লেখা পৌর এলাকার পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে সম্মেলনের আয়োজন করা হয়।
এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।
শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গৌছ।
ফলাফল অনুযায়ী, সিনিয়র সহসভাপতি পদে নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে জয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন; অপর প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১৫ ভোটারের মধ্যে ৭০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অতিথিরা জাতীয় সংগীত পরিবেশন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য নাসের উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল ও মাহমুদুর রহমান প্রমুখ।