ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার বিভিন্ন থানায় চলমান বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ২১টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
বগুড়া জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ০১ আগস্ট থেকে ০৮ আগস্ট ২০২৫ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে উদ্ধার করা হয় ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮০ বোতল ফেন্সিডিল, ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২.৫ গ্রাম হেরোইন।
সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার হয়েছে সদর, ধুনট ও নন্দীগ্রাম থানা এলাকায়। ট্যাপেন্টাডল ট্যাবলেটের বড় অংশ পাওয়া গেছে সদর, আদমদীঘি ও শেরপুর উপজেলায়। গাঁজা ও ফেন্সিডিলের বড় চালান উদ্ধার হয়েছে শিবগঞ্জ, ধুনট ও শাজাহানপুর থানা এলাকায়।
মামলাগুলো সদর, শিবগঞ্জ, সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম, আদমদীঘি, কাহালু, শাজাহানপুর এবং জেলা গোয়েন্দা শাখায় রুজু করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, মাদকবিরোধী এই অভিযান জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগ্রাধিকারমূলক কার্যক্রমের অংশ।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলছি। যারা এ কাজে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, জেলার গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষ করে মাদক পরিবহন রুট, চিহ্নিত আস্তানা এবং বিক্রয়কেন্দ্রগুলোতে অভিযান চালানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।