জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও রাজনৈতিক বক্তা মাসুদ সাঈদী মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় এক গণসমাবেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত এই সমাবেশে তিনি দাবি করেন, “শেখ পরিবারের সবাই চোর-ডাকাত।”
তিনি বলেন, “শেখ মুজিব স্বাধীনতার স্থপতি, এটা আমরা মানি। তবে তাঁর উত্তরসূরিদের কেউই দেশকে কিছু দিতে পারেননি বরং দুর্নীতির রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা তার মেয়াদে ১৪টি ব্যাংক ডাকাতি করেছেন, আর তার ভাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন।”
পিরোজপুর প্রসঙ্গ টেনে মাসুদ সাঈদী বলেন, “সারা দেশের রাস্তা না করে শুধু বিল তুলে টাকা নিয়েছে শেখ পরিবার। শুধু পিরোজপুরেই দুই হাজার ৬০০ কোটি টাকা লুট করেছে তারা।” তিনি বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে এনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। “ফাঁসি ছাড়া তার কোনো বিচার আমরা মানব না।”
তিনি আরও বলেন, “আমরা কোটাবিরোধী, বৈষম্যবিরোধী। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই—আমরা সবাই বাংলাদেশি। জামায়াত একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী শক্তি, যারা বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বিশ্বাস করে।”
এসময় তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে ‘মিথ্যা যুদ্ধাপরাধের বিচারের মুখোশ উন্মোচন’ হিসেবে অভিহিত করে বলেন, “আওয়ামী লীগের যুদ্ধাপরাধের বিচার ছিল পুরোটাই একটি রাজনৈতিক নাটক।”
তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক, বিশেষ করে আওয়ামী পরিবারকে প্রকাশ্যে এভাবে আক্রমণ করায় অনেকেই বিষয়টিকে দেখছেন সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা হিসেবে।