বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, সংবিধানে নাগরিকের দেশ ছাড়ার ও দেশে ফেরার অধিকার স্পষ্টভাবে দেওয়া আছে। তবে কোনো নাগরিক দেশে ফিরলে তার বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। তবে তিনি দেশে ফিরে এলে সরকার কী করবে, সেটা সরকারই নির্ধারণ করবে।’
এর আগে আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ভাষাসৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমিন ফারহানা।
বক্তব্যে তিনি তার বাবা ভাষাসৈনিক অলি আহাদের অবদান ইতিহাসে যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেন। রাজনৈতিক বয়ানের প্রভাবেই অনেক সময় দেশের ইতিহাস লেখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল এবং তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং ও পাল্টাপাল্টি বক্তব্য নতুন কিছু নয়। তার মতে, রাজনীতিকদের বক্তব্যের জবাব জনগণই দেয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।