আমজাদ হোসেন, সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিএনপি নেতা ও সাবেক কাবিলপুর ইউপি চেয়ারম্যান মমিন উল্যার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ১১টার দিকে সেনবাগ পৌর শহরে এ কর্মসূচি পালন করে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি সেনবাগ পৌর এলাকার বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়, এরপর থানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু। এ সময় তিনি বলেন, “বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।
আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।” সমাবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নানের অনুসারীরা ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।