লক্ষ্মীপুর, প্রতিনিধি
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন। ছবি: সময় সংবাদ
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন।রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রায়পুর উপজেলা সাধারণ জনগণ’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আবদুল আসাদ, হাসিব গাজী, রায়পুরের সমন্বয়ক ওসমান গনি ও রশিদসহ অনেকে।
বক্তারা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে রক্তের বিনিময়ে অর্জিত আজকের বাংলাদেশ। এই সরকারের আমলে আওয়ামী দোসররা কিভাবে বহাল তবিয়তে থাকে। আওয়ামী লীগের আমলে রায়পুরের ইউএনও মো. এমরান খান বিভিন্ন দুর্নীতি করেছে, এখনো করে যাচ্ছে।
তারা বলেন, ইউএনও এখনো আওয়ামী লীগের পুর্নবাসনসহ দুর্নীতি, অনিয়মে জড়িয়ে আছেন। তিনি স্থানীয় হাট-বাজার ও বিভিন্ন দফতর থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।
তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শিগগিরই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান বলেন, তারা কয়েকজন ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে, তা না করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করছে। আর বাকি অভিযোগ সব ভিত্তিহীন।