বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাগত জানানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, চুক্তি করেছে বাংলাদেশ ও জাপান, অথচ স্বাগত জানিয়েছে ভারত। জাপানের সহযোগিতায় মাতারবাড়ী সমুদ্রবন্দর ভারতের সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শুক্রবার দুপুরে ভারতে মুসলিম নির্যাতন ও মসজিদে হামলার প্রতিবাদে জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।
তিনি আরও বলেন, ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পের সব কাজ পেয়েছে ভারত বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী বক্তব্য দিলেও বাস্তবে দেশটির সঙ্গে সমঝোতা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন রাশেদ প্রধান। এ সময় মোদি সরকারের সঙ্গে করা চুক্তিগুলো নিয়েও সমালোচনা করেন তিনি।
ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে জাগপার এই নেতা বলেন, আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে এবং মসজিদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে মাইকে আজান দেওয়া ও নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মুসলিম নারীদের হিজাব পরাকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে, মাদ্রাসার শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে এবং গরু পাচারের অভিযোগে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পাশাপাশি মুসলিমদের বাংলাদেশে পুশইন করার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
রাশেদ প্রধান বলেন, ভারত একদিকে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শোনায়, অন্যদিকে দেশটিতে উগ্র হিন্দুত্ববাদের প্রভাবে মুসলিমদের ওপর নির্যাতন চলছে।
জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্মবিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।