ভারতের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় নাহিদ ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সরকারের গোপন আঁতাতের কারণে দেশের পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
এ ছাড়া সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা।
কর্মসূচিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান নাহিদ ইসলাম।