স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কিছু সদস্য এখনো ‘ফ্যাসিবাদী শক্তির’ সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন এবং নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় তিনি জানান, আগামী সপ্তাহে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। দেশের সব মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা থাকবে পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে।
সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক অপরাধের একটি বড় অংশ এখন সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক—যে কারণে এ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।