সাইফুল ইসলাম, কয়রা( খুলনা) প্রতিনিধি :
খুলনার সুন্দরবনসংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণের সময় আট জেলেসহ একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।
পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে উদ্ধারে কোস্ট গার্ডের জরুরি উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।