মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার এআর ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা এবং অনুমোদিত শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি রাখার বিষয়টি ধরা পড়ে। পাশাপাশি ক্লিনিকটিতে এক্স-রে টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবলও পাওয়া যায়নি।
অভিযানে দেখা যায়, ক্লিনিকটির অনুমোদিত শয্যা সংখ্যা ১০টি। তবে সেখানে ভর্তি ছিলেন ১৭ জন রোগী। অর্থাৎ অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে সাতজন বেশি রোগী ভর্তি রাখা হয়েছিল।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনুমোদনের শর্ত ও স্বাস্থ্যবিধি না মেনে ক্লিনিক পরিচালনা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার মতো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।