তথ্যমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় বর্তমান সরকারকে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের সরকারি সফরে ভোলায় নিজ সংসদীয় আসনের নতুনবাজারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই অবস্থা থেকে দেশকে বের করে আনতে বর্তমান সরকার কাজ করছে।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভোলার মানুষ দীর্ঘদিন ধরে এ সেতুর দাবি জানিয়ে আসছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সেতুর পাশাপাশি মহাসড়কের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এ নিয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদেও বক্তব্য দেওয়া হয়েছে এবং প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ, নদীভাঙন রোধে ৭০০ কোটি এবং সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি।
নিজের সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে পার্থ বলেন, গত ছয় মাসে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজির সুযোগও দেওয়া হয়নি। দলের নাম ব্যবহার করে কেউ চুরি, ডাকাতি, সন্ত্রাস বা অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল পৌঁছান তথ্যমন্ত্রী। পরে স্পিডবোটে ভোলায় গেলে জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার তাকে স্বাগত জানান।
এ সময় বিএনপি ও বিজেপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।