সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফিক (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে একটি পুকুরপাড় এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত আউয়াল শফিক উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয়দের দাবি, সড়কে পড়ে থাকা অবস্থায় আউয়াল শফিকের গলায় কাটার চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় তার মৃত্যু নিছক সড়ক দুর্ঘটনায় হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
নিহতের বোন জামাই সুজন আহমেদ বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন ট্রাকচাপায় আউয়াল শফিকের মৃত্যু হয়েছে। তবে তার গলায় কাটার চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ডতা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।