ছয় মাস একটি সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য যথেষ্ট সময় না হলেও বিএনপি সরকার ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকারের অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে দেশ আবারও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। জ্বালানি সংকট, লোডশেডিং ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে বিভিন্ন সংকটের দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানোরও সমালোচনা করেন তিনি।
গুমের অভিযোগের তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশনের অনুপস্থিতি এবং সাংবাদিকদের হয়রানিসহ বিভিন্ন ঘটনায় দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, সরকার সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকার যদি পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাকে ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ।